প্রচ্ছদ > খেলা > ফুটবল

বিশ্বকাপে আর্জেন্টিনার সুবিধা পাওয়ার অভিযোগ, জবাব দিলেন স্কালোনি

article-img

পাড়া-মহল্লার খেলায় একটা কথা প্রায়ই শোনা যায় তারা ‘কমিটির দল’। কমিটির দল বোঝাতে তাদেরই বলা হয় যাদের বিরুদ্ধে অভিযোগ থাকে টুর্নামেন্ট কর্তৃপক্ষ থেকে বিশেষ সুবিধা পাওয়ার।

সর্বশেষ কাতার বিশ্বকাপ থেকে এই ট্যাগ আর্জেন্টিনার নামের পাশে। টুর্নামেন্টে আলবিসেলেস্তারা বিশেষ সুবিধা পায় বলে অভিযোগ করে অনেকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার মাত্রা বেড়ে গেছে। সেই বিশেষ সুবিধা নিয়ে এবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কাছে জানতে চাওয়া হয়েছিল।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু একটা পোস্ট দিতে পারে। ছোট বিষয়কে বিশাল আকার দিয়ে ছড়াতে পারে। আমার মতে, এসব বিষয়কে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয়। 

স্কালোনি আরও বলেছেন, ‘সামাজিক মাধ্যম এমনই। তবে এর ভালো দিকও আছে। দুর্ভাগ্যবশত খারাপ অর্থেই বলছি—যা খুশি পোস্ট করতে পারে এবং তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এক সেকেন্ডের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ে। আমরা এতে মোটেও কান দিচ্ছি না। 

এসব থেকে মুক্তি পাওয়ার সমাধানও দিয়েছেন স্কালোনি। আজ দিবাগত রাত ৪টায় কেপ-ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচ খেলতে নামার আগে ৪৮ বছর বয়সি কোচ বলেছেন, ‘একমাত্র সমাধান হলো সামাজিক মাধ্যমে না থাকা। সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিন, ব্যস। আপনি যদি না দেখেন, তবে এসব জানতেও পারবেন না।’